মালয়েশিয়া গেল জাতীয় দল
পাকিস্তানের সাথে হকির প্রস্তুতি ম্যাচ আজ
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:২৮
বাংলাদেশ দল আজ পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার মধ্য দিয়ে মালয়েশিয়ায় আগামী শনিবার শুরু হতে যাওয়া এশিয়া কাপ হকির মিশন শুরু করবে। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম খেলা আগামী রবিবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। এদিকে মালয়েশিয়া যাওয়ার আগে গতকাল দুপুরে বাংলাদেশের দলের পাকিস্তানী কোচ নাভিদ আলম গণমাধ্যমের কাছে দাবি করলেন কোন্ দলকে হারাতে পারে বাংলাদেশ। কোন দলকে হারানোর ক্ষমতা আছে তা অবশ্য বলেননি এই পাকিস্তানী কোচ।
নবম এশিয়া কাপ হকিতে বি গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে টর্নামেন্টের সবচে শক্তিশালী দুটি দল দক্ষিণ কোরিয়া এবং ভারত। এ দুটি দেশ এশিয়া কাপের শিরোপা জয়ের জন্য লড়বে। ওমান চায় ভালো কিছু। প্রশ্ন উঠেছে ওমানকে বাদ দিলে বাংলাদেশ কী পারবে তিন বারের চ্যাম্পিয়ন কোরিয়া কিংবা দুই বারের চ্যাম্পিয়ন ভারতকে হারাতে। চার বছর আগে মালয়েশিয়ায় এশিয়া কাপের অষ্টম আসরে বাংলাদেশ আট দেশের মধ্যে অষ্টম হয়েছিল। সেবারও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কোরিয়া। সাথে মালয়েশিয়া ও জাপান। তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। জাপানের কাছে ৫-০, মালয়েশিয়ার বিরুদ্ধে ৭-১ এবং কোরিয়ার বিরুদ্ধে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে ভারতের কাছে ১১ গোলে হেরছিল বাংলাদেশ। চার ম্যাচে ২১ গোল হজম করে বিদায় নেয় বাংলাদেশের। এ রকম একটা প্রেক্ষাপটের মধ্যেই আরেকটি আসরের জন্য প্রস্তুতি নিয়ে গতকাল দুপুরে মালয়েশিয়ায় গেল। কোনো বড় স্বপ্ন নিয়ে নয়। নিদেন পক্ষে যদি ষষ্ঠ স্থানটা পাওয়া যায় অন্তত আর যাই হোক আগামী চার বছর পর অনুষ্ঠেয় এশিয়া কাপ হকির দশম আসরে খেলার জন্য বাছাই খেলতে হবে না। ওমানকে হারাবে বাংলাদেশ, এটা মাথায় নিয়েই খেলোয়াড়রা প্রায় দুই মাসের প্রস্তুতি নিয়েছে।
দেশ ছাড়ার আগে জাতীয় দলের অধিনায়ক চয়ন বলেছেন, ‘আমরা শতভাগ দিতে প্রস্তুত।’ আক্রমণভাগের খেরোয়াড় রাসেল মাহমুদ জিমির কথা ‘কোরিয়া, ভারত শক্তিশালী দল। আমরা চেষ্টা করব পুরোন চিত্র যেন দেখা না যায়।’ কোরিয়ার বিরুদ্ধে নামার আগে দীর্ঘ প্রস্তুতি কেমন হয়েছে তা দেখার একটা সুযোগ পাবেন বাংলাদেশের পাকিস্তানী কোচ নাভিদ আলম। পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ আজ। এশিয়া কাপের প্রথম তিন আসরের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন পাকিস্তান এ গ্রুপের দল। তাদের সাথে রয়েছে জাপান, মালয়েশিয়া, চাইনীজ তাইপে।