ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা গ্রামের মাঠে বুধবার সকালে ছাগল চরানোর সময় দুই শিশু অপহরণের চেষ্টা করে পাচারকারীরা। শিশুরা হলো: মঙ্গলপৈতা গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে মিলন হোসেন (৮) ও মনিরুল ইসলামের ছেলে রাজু হোসেন (৬)। বারোবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক বিশ্বাস জানান, মঙ্গলপৈতা গ্রামের মাঠে ছাগল চরাতে যায় শিশু দুটি। এসময় বস্তা হাতে দুই ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসে। তারা শিশু রাজুকে ধরে বস্তায় ভরে ফেলে। তারপর হাত-পা বেঁধে মিলনকে বস্তায় ভরার চেষ্টা করলে সে ছিটকে চিত্কার শুরু করে। পাশের জমিতে কর্মরত কৃষকরা এগিয়ে আসে। পাচারকারী দুই ব্যক্তি তাদের ফেলে রেখে দৌড়ে পালায়।
কালীগঞ্জ থানার সুবর্ণসারা পুলিশ ক্যাম্পের আইসি এসআই সৈয়দ আলী জানান, ঘটনা শোনার সাথে সাথে ক্যাম্প থেকে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।