ঢাকাস্থ মিসর দূতাবাসে হামলার হুমকিদাতা শিবিরকর্মী গ্রেফতার

ঢাকাস্থ মিসর দূতাবাসে হামলার হুমকিদাতা শওকত আফসার হিরন (১৮) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাজধানীর ফার্মগেটের ফোকাস কোচিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। নিজেকে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির সমর্থক দাবি করে পুলিশের কাছে দূতাবাসে হুমকির কথা স্বীকার করেছেন শওকত আফসার। এর আগে মঙ্গলবার চিঠির মাধ্যমে এ হামলার হুমকি দেয়ার পর মিসর কনস্যুলার শাখার কার্যক্রম ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করে দূতাবাস কর্তৃপক্ষ। অপরদিকে হুমকির পর পরই রাজধানীর গুলশানের দূতাবাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ ব্যাপারে গতকাল বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত শওকত আফসার মঙ্গলবার সকালে ঢাকাস্থ মিসর দূতাবাসের লেটার বক্সে নিজ হাতে হামলার হুমকি সংবলিত চিঠিটি রেখে আসেন। মিসরে মুসলমানদের নির্বিচারে হত্যায় তিনি ব্যথিত হয়ে এ কাজ করেছেন। মিসরে মুসলিম হত্যা বন্ধ না হলে তিনি হামলা করে দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকি দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। হাতে লেখা হুমকির ওই চিঠিতে উল্লেখিত একটি মোবাইল নম্বরের সূত্র ধরে ডিবি পুলিশ বুধবার দুপুরে ফার্মগেটের ফোকাস কোচিং সেন্টার থেকে শওকতকে গ্রেফতার করে। মিসর দূতাবাসে পাওয়া চিঠির সঙ্গে তার হাতের লেখার মিল রয়েছে। ডিবি কর্মকর্তা আরো জানান, শওকত নিজেকে শিবির কর্মী এবং মিসরের মুসলিম ব্রাদারহুডের ফেসবুক পেইজের ফলোয়ার হিসেবে দাবি করেন। আঠারো বছর বয়সী শওকতের বাড়ি কক্সবাজার সদরের জালালাবাদ দক্ষিণ পালাকাটায়। বাবার নাম (মৃত) সুলতান আহমেদ। সদ্য এইচএসসি পাস করে ঢাকায় একটি মেসে থেকে ফার্মগেটের ফোকাস কোচিং সেন্টারে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করছিল শওকত। তিনি কারো প্ররোচনায় এ হামলার হুমকি দিয়েছেন কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে অবস্থিত মিসর দূতাবাসে মুসলিম ব্রাদারহুড পরিচয়ে এ হামলার হুমকি দেয়ার পর দূতাবাস ঘিরে পুলিশ ও র্যাবের নিরাপত্তা জোরদার করা হয়। মিসর দূতাবাসের কনস্যুলার বিভাগ ২১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত দশদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট প্রতিটি দফতরকে হুমকির বিষয়ে অবগত করা হয় দূতাবাসের পক্ষ থেকে।