সাভারে ছোট বোনকে উদ্ধারে এসে বড় ভাই খুন
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:৫৭
সাভারে ছোট বোনকে উদ্ধার করতে এসে দুর্বৃত্তদের উপর্যুপরী ছুরিকাঘাতে মারা গেছে এক কিশোর। নিহত কিশোরের নাম আমীর হামজা মোঃ কাজল।
গত মঙ্গলবার বিকালে সাভারের প্রাণকেন্দ্র বাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে কাজলের সাথে থাকা এক বন্ধুকে আটক করেছে।
পুলিশ জানায়, সম্প্রতি কাজলের ছোট বোন দেশের বাড়ি নোয়াখালীর হাতিয়া থেকে গাজীপুরে পালিয়ে আসে। সেখান থেকে তার ভাইয়ের কাছে ফেরত দেওয়ার কথা বলে দুর্বৃত্তরা তাকে সাভার বাজার বাসস্ট্যান্ডে নিয়ে আসে। বাসস্ট্যান্ড সংলগ্ন ওভার ব্রিজে অপেক্ষা করতে থাকলে দুর্বৃত্তরা কাজলের উপর অতর্কিত হামলা চালায়।
ছুরিকাঘাতের পর দুর্বৃত্তরা পালিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার কাজলকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানা।