হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে নোটিসের আবেদনে মজীনার উদ্বেগ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারির আবেদন করায় গভীর উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, এ সংস্থাটি মানবাধিকার রক্ষায় গুরুত্ব্পূর্ণ ভূমিকা রেখে চলেছে। গতকাল বুধবার রাষ্ট্রদূত তার বাসভবনে সাংবাদিকদের কাছে এ উদ্বেগের কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। এজন্য যুক্তরাষ্ট্র হিউম্যান রাইটস ওয়াচকে সমর্থন করে। উল্লেখ্য, সমপ্রতি হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে বলেছিলো, বাংলাদেশের বিচারকরা অযথার্থভাবে রাষ্ট্রপক্ষের হয়ে একটি তদন্ত করে জামায়াত নেতা গোলাম আযমকে শাস্তি দিয়েছে। এ বিষয়ে আইনজীবী এবং বিচারকদের মধ্যে গোপন সহযোগিতা ও পক্ষপাতিত্ব ছিলো। এ বিবৃতির পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ সংস্থাটির বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারির জন্য ট্রাইব্যুনালে আবেদন করে। এ বিষয়ে আজ শুনানী হবার কথা রয়েছে।