ওজনের কারণে হাসপাতালে যেতেও প্লেন

অসুস্থ হলে হাসপাতালে নিতে হয়। বহনের জন্য সাধারণত কোনো গাড়ি ব্যবহার করা হয়। বেশি হলে একটি অ্যাম্বুলেন্স। কিন্তু সৌদি আরবের এক ব্যক্তির ওজন এত বেশি যে, তাকে গাড়িতে নেয়াও সম্ভব হয়নি। অবশেষে ব্যবহার করতে হয়েছে প্লেন। তাও আবার সৌদি বাদশাহের নির্দেশে। খবর দ্য টেলিগ্রাফের। শেরি নামের সৌদির এই নাগরিক গত আড়াই বছর ধরে বাড়িতে বিছানায় দিন কাটাচ্ছিলেন। চলাফেরার ক্ষমতা তার নেই। শুয়ে থাকার জন্য তার ওজন দ্রুত গতিতে বেড়ে ৬১০কেজিতে পৌঁছেছে। সৌদি বাদশাহ আবদুল্লাহ এ খবর শুনে তাকে হাসপাতালে আনার জন্য সামরিক বাহিনীর একটি প্লেন পাঠান। রিয়াদের একটি হাসপাতালে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিত্সা করা হবে। চিকিত্সার ব্যয়ভার বহন করবেন বাদশাহ।