রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেনেড হামলা মামলায় তারেককে জড়ানো হয়েছে :ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে জড়ানো হয়েছে। মামলার শুরুতে চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না। ১/১১ সরকারের সময়ে যে চার্জশিট দেয়া হয় তাতেও তার নাম ছিল না। কিন্তু আওয়ামী লীগের আমলে সম্পূরক চার্জশিটে তাকে জড়ানো হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার দলের যৌথসভা শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। তিনি বলেন, মুফতি হান্নানকে দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিএনপিকে হেয়প্রতিপন্ন করতেই এ ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে। মুফতি হান্নানের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, মুফতি হান্নান আদালতে গিয়ে এফিডেফিট করে বলেছেন এ বক্তব্য দিতে তাকে বাধ্য করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সরোয়ার, ফজলুল হক মিলন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাসাস সভাপতি আবদুল মালেক প্রমুখ। ফখরুল অভিযোগ করে বলেন, গ্রেনেড হামলার পর বিদেশি তদন্ত দল ওই ঘটনা তদন্তে ঢাকায় আসলে আওয়ামী লীগ নেতারা তদন্তকারী দলকে কোন ধরনের সহযোগিতা করেনি।