বিমান বন্দরে আট কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

হযরত শাহজালাল বিমানবন্দরে ৮কেজি সোনা, আইফোন ও বিপুল পরিমাণ মেমোরি কার্ডসহ দীপক কুমার আচার্য নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকায় ট্রানজিটে বাংলাদেশ বিমানের বিজি ৭৯ ফ্লাইটে হংকং থেকে ঢাকা হয়ে কলকাতা যাওয়ার পথে তিনি গ্রেফতার হন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক কর্মকর্তা হুয়ায়ুন হাফিজের নেতৃত্বে একটি টিম দীপকের হাতব্যাগ তল্লাশি করে আট কেজি ওজনের ৬৫টি সোনার বার, ১১টি আইফোন এবং ১১ হাজার ২২৫টি মেমোরি কার্ড জব্দ করেন। এর আগে গত ২৪ জুলাই শাহজালাল বিমানবন্দরে নেপাল থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে পাওয়া গিয়েছিল ১২৪ কেজি সোনার বার।