সমুদ্রের শূন্যে
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ১৯:৩২
আর আমাকেও ডাকে, যেন তার শরীর মাছের
রূপ নিয়ে ফিরে ফিরে আসে সন্ধ্যার জেটিতে, যেন
দূর আটলান্টিকের স্মৃতি ও হাঙরের দাঁত কিছু
রুপার অক্ষরে ছাপা হয় তার নাভীতে, যেনবা
আমিও ছিলাম সঙ্গী বিশ্বাস হারানো গতজন্মে।
যেন আমাকে বলছো চড়ুই-চড়া দুপুরে আর
আকাশ ছড়ানো নীলে একবার ডুব দিয়ে দেখি।
হায় জানালার কাছে আমার যে ফুলকপি আর
পাকা টমেটোর ক্ষেত সেখানে কৃষাণী হয়ে এলে
মোরগ-মুরগির মতো ছেয়ে যাবে অযাচিত দিন।
অথচ তোমাকে আমি বাঁধি সমুদ্রের শূন্যে। নুনে।