দীর্ঘ অভিমানের মেঘ কাটল...

দীর্ঘ দুই থেকে তিন বছর ধরেই শোনা যাচ্ছিল শাস্ত্রীয় সংগীত শিল্পী ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর নতুন একক অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। শিল্পীর দীর্ঘ অভিমানের মেঘ অবশেষে একটু একটু করে কেটে যেতে শুরু করে যেন। বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে জি-সিরিজের ব্যানারে আজ প্রকাশ হতে যাচ্ছে এই গুণী শিল্পীর অডিও অ্যালবাম। অ্যালবামটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘ভালো লাগছে যে অবশেষে অ্যালবামটি বাজারে আসছে। শাস্ত্রীয় গুরু এই মানুষটি গানের মুগ্ধতা নেবে দর্শকেরা। কিছু কিছু কাজের ক্ষেত্রে নিজের একটা পরিতৃপ্তি পাওয়া যায়। এই অ্যালবামটি তেমনই।’ অ্যালবাম প্রসঙ্গে এর প্রকাশক জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুইয়া খালিদ বলেন, ‘অনেকেই আমাদের অভিযোগের বিরুদ্ধে অভিযোগ করেন যে আমরা নাকি সৃজনশীল অ্যালবামের পৃষ্ঠপোষকতা করি না। এই অ্যালবামটি তাদের জন্য একটা বড় উত্তর। শুধুমাত্র এই অ্যালবামটির জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। অবশেষে আজ শ্রোতাদের কাছে অ্যালবামটি তুলে দিতে পেরে আমাদের নিজের কাছেও ভালো লাগছে।’