সিলেটে বিভিন্ন ট্রাভেল এজেন্সিকে জরিমানা ও দণ্ড

ভূমধ্যসাগরে নিহত ১৯ জন সিলেটের

সিলেট অফিস

সিলেটে গত সোমবার ও গত মঙ্গলবার অভিযান চালিয়ে বিভিন্ন ট্রাভেল এজেন্সিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ট্রাভেল এজেন্সির আটজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ৮টি এজেন্সিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। এসময় অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি বাংলাদেশ (আটাব) সিলেট জেলার নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে সোমবার অভিযানে ২৪টি এজেন্সিকে  পৌনে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এদিন ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসনের ৫টি টিম অবৈধ ট্রাভেল এজেন্সি ও মানব পাচারের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করছে।

গত ৯ মে দালালদের মাধ্যমে সাগর পথে ইতালি প্রবেশ করতে গিয়ে নৌকাডুবে প্রাণ হারান বেশ কয়েকজন বাংলাদেশি। এর মধ্যে অনন্ত ১৯ জন সিলেটের বিভিন্ন এলাকার। এদের ৬ জনের তথ্য থাকলেও বাকিদের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। অবৈধভাবে ইতালি পাঠানোর নামে ৮ থেকে ১০ লাখ টাকা নেয় বিভিন্ন ট্রাভেল এজেন্সি। এরমধ্যে নগরীর রাজা ম্যানশনের ইয়াহিয়া ওভারসিজ নামক এজেন্সির মালিক এনামুল হকের সঙ্গে বেশ কয়েকজনের চুক্তি হয়। প্রশাসন অভিযানে নামলে অনেক এজেন্সির মালিকের মতো এনামুল হকও পলাতক থাকে।