শেয়ারবাজারে লেনদেন ও সূচক বেড়েছে

গত দুই দিন দরপতনের পর গতকাল বৃহস্পতিবার ফের বেড়েছে শেয়ারবাজারের সূচক। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল বাজারে লেনদেন হয়েছে ৭৩৬ কোটি টাকা। যা চলতি মাসের সর্বোচ্চ। এদিকে বাজারে লেনদেন হওয়া ২৯১টি কোম্পানির মধ্যে ৮৫টি কোম্পানির দাম বেড়েছে ৪ শতাংশেরও বেশি। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৬ কোটি ৭ লাখ ৬৫ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ১৭০ কোটি ৯১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। এদিকে সিকিউরিটিজ সংক্রান্ত নিয়ম অমান্য করায় গতকাল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন প্রতিষ্ঠানকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। ‘জেড’ ক্যাটাগরির নন মার্জিন শেয়ারে এক বিনিয়োগকারীকে ১০ কোটি টাকার বেশি মার্জিন ঋণ প্রদান করায় ডিবিএল সিকিউরিটিজকে ১ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত গৃহীত হয়। ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কনস্যুলেডেটেড কাস্টমারস অ্যাকাউন্টে ১০ কোটি টাকার উপরে ঘাটতি থাকায় পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আইন অমান্য করে ঋণ দেয়ায় পিএফআই সিকিউরিটিজ লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।