শেয়ারবাজারের লেনদেন দ্রুত নিষ্পত্তিতে নিকাশ প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২০:৩১
শেয়ারবাজারে দিনের লেনদেন দিনেই নিষ্পত্তি করতে স্বতন্ত্র ক্লিয়ারিং কোম্পানি বা নিকাশ প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) যৌথভাবে এই কোম্পানি গঠনের উদ্যোগ নিয়েছে। গত বুধবার দুই স্টক এক্সচেঞ্জের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বপন কুমার বালা ও সিএসইর সিইও সৈয়দ সাজিদ হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
সূত্রে জানা গেছে, ক্লিয়ারিং কোম্পানি গঠিত হলে শেয়ারবাজারে দিনের লেনদেন দিনেই নিষ্পত্তি হয়ে যাবে। এর ফলে বিনিয়োগকারীরা চাইলে সকালে শেয়ার কিনে বিকেলেই তা বিক্রি করতে পারবেন। আগামী এক বছরের মধ্যে কোম্পানিটি পরিপূর্ণ রূপ পাবে বলে আশা প্রকাশ করেছেন স্টক এক্সচেঞ্জ কর্মকর্তারা।
জানা গেছে, ক্লিয়ারিং কোম্পানিটি হবে দুই স্টক এক্সচেঞ্জের উদ্যোগ ও মালিকানায় প্রতিষ্ঠিত একটি স্বতন্ত্র কোম্পানি। এর মালিকানার সাড়ে ৩২ শতাংশ থাকবে সিএসইর আর বাকি সাড়ে ৬৭ শতাংশ থাকবে ডিএসইর।