ঠাকুরগাঁওয়ে মন্দিরে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ

ঠাকুরগাঁও সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ ঘটনা ঘটায়। এলাকাবাসী ও মন্দির ভক্তরা জানান, বুধবার রাতে সদর উপজেলার মাদারগঞ্জ গ্রামের শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীর চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধ হয়ে পেট্রোল ঢেলে পর্যায়ক্রমে মন্দিরের ৪টি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে মন্দির প্রাঙ্গণে থাকা ৪টি ঘরসহ ভেতরে থাকা ৬টি প্রতিমা, ধর্মীয় বই, গীতা, ঢোল, করতাল, সংঘসহ সকল সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে যায়। মন্দিরের ভেতরে থাকা দান বাক্সসহ বেশকিছু জিনিস লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় মন্দির ভক্তরা পালিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর রাতেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনাকে নিন্দা জানিয়ে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে অবস্থিত ইস্কন-এর অধ্যক্ষ পুষ্প শীলা জানান, আমরা শান্তি কামনায় ওই মন্দিরে পূজা-অর্চনা করে আসছি। মন্দিরের টাকা আত্মসাত্ ও জিনিসপত্রের উপর লোভ করেই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা মন্দির কর্তৃপক্ষের। ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।