সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত অর্ধ শতাধিক
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২০:৪৪
সড়ক দুর্ঘটনায় বোরহানউদ্দিনে ২জন, কুমিল্লায় ১জন, গাইবান্ধায় ১জন, শেরপুরে ১জন ও নোয়াখালীতে ১ জন নিহত হয়। বোরহানউদ্দিনে অর্ধশতাধিক লোক আহত হয়। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
বোরহানউদ্দিন \ ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে দুই ক্রেতা নিহত এবং পথচারীসহ কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। বুধবার বেলা ১২ টার দিকে উদয়পুর রাস্তার মাথা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের ধাক্কায় রাস্তার পাশের তিনটি দোকান ভেঙ্গে চুরমার হয়ে যায়। ঘটনার পর থেকে উত্তেজিত জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে। পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সবুরা বেগম (৪৫) ও সিজান (৬) মারা যায়। এ দুইজনের বাড়ি উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। এছাড়া আহত বাসযাত্রী নোমান, ইয়ানুর, নুরুল ইসলামকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি আহতরা হলেন, নিজাম, মোজাম্মেল, মিন্টু, শাকিল। বাসের ধাক্কায় মিন্টুর মুদি দোকান, নিরবের চায়ের দোকান ও মাসুমের টিনের দোকান ভেঙ্গে চুরমার হয়ে যায়।
কুমিল্লা \ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শফিউল্লাহ (৮) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর বাজারে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্র শফিউল্লাহ কংশনগর গ্রামের নূর হোসেনের পুত্র। গতকাল বৃহস্পতিবার সকালে নিহত ছাত্রের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করেছে তার স্বজনরা।
গাইবান্ধা \ গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের গাইবান্ধা সদরের তুলসীঘাটের গ্রামীণ বাংকের সামনে বুধবার বাসের ধাক্কায় আব্দুর রাজ্জাক সরকার (৬৩) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্য নিহত হয়েছেন। আ: রাজ্জাক সকাল ৮ টার দিকে তুলসীঘাট বাজার থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়ি বড় দুর্গাপুর গ্রামে ফিরছিলেন। এ সময় ওই স্থানে একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর (বগুড়া) \ শেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২১ আগস্ট রাত সাড়ে ৮ টায় উপজেলার ধর্মকাম গ্রামের মৃত হোসেন আলীর ছেলে বাবলু হোসেন (৪৫) হাওয়াখানা নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী সিএনজির ধাক্কায় রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
নোয়াখালী \ ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হয়েছে সিএনজিচালিত অটোরিকশার চালক সামছুল আলম (৩৫)। বুধবার গভীর রাতে চৌমুহনী-মাইজদী প্রধান সড়কের বিটিভির সমপ্রচার কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে। নিহত সামছুল আলম জেলার কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র।