ডেমু ট্রেনের রুট পরিবর্তন করায় সিলেটবাসী হতাশ

সিলেটবাসীর দুর্দশা লাঘবের জন্য বাংলাদেশ রেলওয়ে আখাউড়া-সিলেটের মধ্যে একটি ডেমু ট্রেন চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করে। গত রবিবার থেকে এই ট্রেনটি চলাচলের দিন ধার্য ছিল। সেই লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে আখাউড়া-সিলেটের মধ্যবর্তী সকল স্টেশনে কর্মসূচিও প্রেরণ করা হয়। পরীক্ষামূলকভাবে বিভাগীয় কর্মকর্তারা ঐদিন ঢাকা থেকে আখাউড়া আসেন। জানা যায়, আকস্মিকভাবে এই সিদ্ধান্ত বাতিল করে ডেমু ট্রেনটির রুট পরিবর্তন করে ঢাকা-আখাউড়ার মধ্যে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করে মঙ্গলবার নতুন এই ট্রেনটি চালু করা হয়। আরো জানা যায়, যে সকল স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ নেই সেই সকল স্টেশনের যাত্রীরা নতুন ট্রেন চালুর কথা শুনে আনন্দিত হলেও বর্তমানে তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা অবিলম্বে বাংলাদেশ রেলওয়ের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আখাউড়া-সিলেটের মধ্যে ডেমু ট্রেন চালুর দাবি জানিয়েছে।