বরিশাল অফিস
নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এই প্রথম নির্মাণ করা হচ্ছে আধুনিক মানের পরিবেশবান্ধব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট। চরবাড়ীয়া এলাকায় আট একর জমির উপর এই প্লান্টটি করার উদ্যোগ নিয়েছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বুধবার মেয়র প্লান্টের জায়গা পরিদর্শন করেছেন। নগরী থেকে সকল আবর্জনা পরিষ্কার করে সেগুলোকে প্লান্টের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে আধুনিক মেশিন দ্বারা রিসাইকেল করে সেই আবর্জনা থেকে সার, বিদ্যুত্ ও তৈল তৈরী করা হবে। সম্পূর্ণ স্বয়ংক্রীয় ও আধুনিক মেশিন দ্বারা বর্জ্য রিসাইকেল করায় এতে পরিবেশের কোন ধরনের ক্ষতি হবে না। এছাড়াও অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে সেখানে। ফলে নগরী থেকে বেকারত্ব কিছুটা লাঘব হবে। খুব শিগগিরই এই প্লান্টের কাজ শুরু হবে বলে নিশ্চিত করেছে বিসিসি কর্তৃপক্ষ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির কর্মশালা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির প্রাথমিক ধারণা বিষয়ক এক কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে কর্মশালাটি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.এ কে এম মাহবুব হাসান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সাবেক পরিচালক অধ্যাপক ড. মোহাম্ম্দ সাইদুর রহমান। কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের চেয়ারম্যান অংশ নেন। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির সহকারী পরিচালক আরাফাত শাহরিয়ার উপস্থিত ছিলেন।