সমবায়ের নামে হাজার কোটি টাকা আত্মসাত্
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২১:২০
আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) চেয়ারম্যানসহ ১০ পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে সংশ্লিষ্টদের কাছে নোটিস পাঠানো হয়।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি মাসে প্রতি লাখে দুই হাজার টাকা লাভের প্রলোভনে সমবায় সমিতির নামে গ্রাহকদের কাছ থেকে প্রতারণাপূর্বক হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে।
যাদের কাছে নোটিস পাঠানো হয়েছে তারা হলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য তত্কালীন চেয়ারম্যান মো. রফিকুল আলম, পরিচালক মো. খায়রুল ইসলাম, কাজী শামসুর নাহার মিনা, আশরাফুল ইসলাম (ইমরান), শেখ আহমেদ, এস. এম. মোরশেদ জুয়েল, মো. সাইফুজ্জামান (মার্শাল), মো. আনিসুর রহমান (বাবু), মো. আবুল হাশেম এবং এ. টি. এম. খোরশেদ আলম। তবে পরিচালনা পর্ষদের ঐ ১০ সদস্যের জিজ্ঞাসাবাদ শেষ হলেই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ. এন. এম. শফিকুর রহমানকে আবারো জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা।
দুদক সূত্র আরো জানায়, সমবায় সমিতির নামে দেশের বিভিন্ন স্থানে কিছু ভূমি থাকলেও ব্যাংক এ্যাকাউন্টে কোন টাকা জমা নেই। দুদকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করেছেন গ্রুপটির এমডি। তিনি আরো জানান, সমবায় সমিতির প্রায় ২০ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় এক হাজার কোটি টাকা নেয়া হয়েছে।