দুদক নোটিসের জবাবে এমপি পুত্র দুর্জয়ের দায় অস্বীকার
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২১:২১
বিসমিল্লাহ গ্রুপের ১২ শত কোটি টাকা ঋণ কেলেঙ্কারির দায় অস্বীকার করে দুর্নীতি দমন কমিশনে লিখিত বক্তব্য পাঠিয়েছেন গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলীর ছেলে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। বুধবার দুদকে পাঠানো লিখিত বক্তব্যে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। দুদক সূত্র জানায়, লিখিত বক্তব্যে তিনি বলেছেন, বিসমিল্লাহ গ্রুপকে ঋণ পাইয়ে দিতে তিনি কোন রাজনৈতিক হস্তক্ষেপ করেননি।
উল্লেখ্য, সম্প্রতি বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেঙ্কারির সঙ্গে দুই এমপি পুত্রের জড়িত থাকার অভিযোগ ওঠে। তারা হলেন, গাজীপুর-৩ আসনের এমপি রহমত আলীর ছেলে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় এবং কুমিল্লার এমপি মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভুঁইয়ার ছেলে মোহাম্মদ আলী। তারই পরিপ্রেক্ষিতে গত ১৩ আগস্ট দুদক তাদের দু’জনের বরাবর নোটিস পাঠায়। নোটিসে দুর্জয় সাড়া দিলেও মোহাম্মদ আলী এখনো সাড়া দেননি।
দুদক কর্মকর্তা জানান, বুধবার দুর্জয়ের বক্তব্য আমরা হাতে পেয়েছি। লিখিত বক্তব্যে বলা হয়েছে, তিনি বিসমিল্লাহ গ্রুপের পরিচালক বা লিগ্যাল অ্যাডভাইজর (আইন উপদেষ্টা) হিসেবে কোনদিনই ছিলেন না।