বেনাপোলে বিদেশ ফেরত স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রীসহ আটক তিন

বেনাপোল (যশোর) সংবাদদাতা

বেনাপোলে পরকীয়া টিকিয়ে রাখতে বিদেশ ফেরত স্বামীকে প্রেমিকের সহযোগিতায় কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম জামাল হোসেন (৩৬)। এ ঘটনায় পুলিশ তাত্ক্ষণিক স্ত্রী আয়েশা বেগম ও তার মা-বাবাকে আটক করেছে।

জামাল হোসেনের বাবা হবিবার রহমান অভিযোগ করেন, তার ছেলে প্রায় ১৫ বছর যাবত্ মালয়েশিয়া থাকে। একই গ্রামের রিয়াজুলের মেয়ে আয়েশার সাথে তার বিয়ে হয় প্রায় ১৫ বছর আগে। এ সময়ের মধ্যে তার ছেলে মালয়েশিয়া থেকে মাত্র তিনবার বাড়িতে এসেছে। তার ছেলে বাড়িতে না থাকার সুযোগে আয়েশা পরকীয়ায় জড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে জামাল মালয়েশিয়া থেকে বাড়ি আসে। আর রাত ১২টার সময় তার বুকে পেটে ছুরিকাঘাতে হত্যা করেছে আয়েশা তার মা ফুলবুড়ি ও ভাড়াটিয়া লোকজন। তবে কার সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল সেটা বলতে পারেননি তিনি।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, তদন্তের জন্য জামালের স্ত্রী, শাশুড়ি ও শ্বশুরকে আটক করা হযেছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।