‘এ’ দলের সামনে আবারও রানের পাহাড়
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২১:৫০
আবারও ইংল্যান্ড লায়ন্স দলের রানের পাহাড়ের নিচে পড়লো বাংলাদেশ ‘এ’ দল। গতকাল টনটনে বৃহস্পতিবার মাইকেল কারবেরির সেঞ্চুরির উপর ভর করে ইংল্যান্ড লায়ন বাংলাদেশ ‘এ’ দলের সামনে ৩৬৭ রানের টার্গেট দেয়।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার কারবেরি ও জেমস ভিনস লায়ন্সের জন্য উড়ন্ত সূচনা এনে দেন। চৌদ্দ ওভারের মাথায় ৭০ রানের মাথায় জেমস ভিনস প্যাভিলিয়নে ফেরার পর জেমস টেইলরকে নিয়ে ১৫৫ রানের জুটি বাঁধেন কারবেরি। একচল্লিশতম ওভারে মোহাম্মদ আল-আমিন হোসেনের বলে আউট হওয়ার আগে কারবেরি ১৩২ বল খেলে নিজের নামের পাশে জড়ো করেন ১৪৬ রান। সেঞ্চুরি পান টেইলরও। ইনিংসের শেষ বল পর্যন্ত ক্রিজে থেকে ১০০ বল খেলে সংগ্রহ করেন ১০৬ রান। কারবেরি সাজঘরে ফেরার পর জোস বাটলার ২৩ বলে ৪৭ এবং বেন স্টোকস ৯ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রবিউল ইসলাম, আল-আমি হোসেইন এবং জিয়াউর রহমান একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত তিন ওভারে কোন উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।