হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন প্রত্যাহার করুন
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২২:৫৫
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আদালত অবমাননা আবেদনের তীব্র নিন্দা জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। একইসঙ্গে এ সংক্রান্ত আবেদন প্রত্যাহারের জন্য জোর দাবি জানান তারা।
গতকাল বৃহস্পতিবার আয়োজিত সমিতির কার্যনির্বাহী সভায় বলা হয়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অব্যাহত, মানবাধিকার সমুন্নত রাখা এবং বহি:বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদন প্রত্যাহার করে নেয়া উচিত।
সমিতির সভাপতি সাবেক এটর্নি জেনারেল এডভোকেট এজে মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি, এডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান, এডভোকেট মো. শাহজাদা, এডভোকেট মো. রবিউল করিম, এডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ।
সভায় তথ্য প্রযুক্তি আইনে সর্বশেষ সংশোধনীকে জনগণের বাক-স্বাধীনতা ও মৌলিক অধিকারের পরিপন্থী হিসাবে আখ্যা দেয়া হয়। সুপ্রিম কোর্ট বার সমিতির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।