এইচআরডব্লিউ’র বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস সংক্রান্ত আদেশ ২ সেপ্টেম্বর
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২২:৫৬
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করা না করা সংক্রান্ত আদেশের জন্য আগামী ২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের আবেদনের উপর শুনানি শেষে এ দিন ধার্য করা হয়। এর আগে গত মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের মামলার রায়কে ত্রুটিপূর্ণ ও পক্ষপাতমূলক বলে মন্তব্য করায় মানবাধিকার সংস্থাটির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে ট্রাইব্যুনালে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গতকাল আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুসহ চারজন কৌঁসুলি অংশ নেন। প্রায় তিন ঘণ্টার শুনানিতে তারা এইচআরডব্লিউ’র কার্যক্রম ও তাদের বিরুদ্ধে নানা সমালোচনার কথা তুলে ধরেন।
গোলাম আরিফ টিপু বলেন, উদ্দেশ্য ও পক্ষপাতমূলকভাবে এ বিবৃতি প্রকাশ করে ট্রাইব্যুনালের সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। কৌঁসুলি সুলতান মাহমুদ বলেন, বিচারক ও রাষ্ট্রপক্ষের মধ্যে কোনো যোগশাজশ ছিল না। এ বিবৃতির মাধ্যমে আইন, ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে। এটা কারো উদ্দেশ্য বাস্তবায়নে করা হতে পারে। অপর কৌঁসুলি ড. তুরিন আফরোজ বলেন, এ ট্রাইব্যুনালে এইচআরডব্লিউ’র কোনো প্রতিনিধি পর্যবেক্ষণে আসেননি। অথচ এ বিবৃতির মাধ্যমে তারা নিজেদের মতো করে মত দিয়েছে।
রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি তাপস কান্তি বল এইচআরডব্লিউ’র বিবৃতিটি পড়ে শোনান। তিনি বলেন, এ বিবৃতির মাধ্যমে ট্রাইব্যুনালের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি করা হয়েছে। এ সময় তিনি এইচআরডব্লিউ’র বিরুদ্ধে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের সমালোচনার কথা তুলে ধরেন। এছাড়া সংস্থাটি অস্বচ্ছ প্রক্রিয়ায় তহবিল সংগ্রহ করে বলেও ট্রাইব্যুনালকে জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার মানবাধিকার সংস্থাটি ‘বাংলাদেশ :আযম কনভিকশন বেইজড অন ফ্লড প্রসিডিংস’ শিরোনামের এক বিবৃতি প্রকাশ করে। ঐ বিবৃতিতে গোলাম আযমের বিচার প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন নয় বলে দাবি করে এইচআরডব্লিউ। একইসঙ্গে গোলাম আযমের বিচারের পাঁচ ত্রুটির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তারা। সংস্থাটির উল্লেখিত পাঁচ ত্রুটির মধ্যে বিচারকরা অযথার্থভাবে রাষ্ট্রপক্ষের হয়ে একটি তদন্ত করে গোলাম আযমকে শাস্তি দিয়েছে এবং আইনজীবী-বিচারকদের মধ্যে গোপন সহযোগিতা ও পক্ষপাতিত্ব ছিল—এ দুই মন্তব্যে আদালত অবমাননা হয়েছে দাবি করে রাষ্ট্রপক্ষ। এজন্য তারা এইচআরডব্লিউ’র বোর্ড অব ডিরেক্টটরস, এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস ও অ্যাসোসিয়েট স্টর্ম টিভের বিরুদ্ধে আদালত অবমানার নোটিস জারির আবেদন জানায়।
২৭ আগস্ট থেকে আলীমের পক্ষে সাক্ষ্যগ্রহণ
মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের পক্ষে সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমানকে আসামিপক্ষের জেরা শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ তারিখ ধার্য করেন।