সাগর পথে মালয়েশিয়ায় আদম পাচার অব্যাহত
আব্দুর রহমান, টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২২:৫৭
সাগর পথে মালয়েশিয়ায় আদম পাচার থেমে নেই। বরং যাত্রীরা অবৈধভাবে নিজ ইচ্ছায় যাচ্ছেন। এমনকি বৈরি আবহাওয়াও সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচার থামানো যাচ্ছে না। তারা ধরা পড়ে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আবারো অবৈধভাবে সাগর পথে পাড়ি জমাচ্ছেন। আইন অনুযায়ী প্রতারণার খপ্পরে পড়ে পাচারের শিকার ব্যক্তিদের ভিকটিম বলা হচ্ছে। এ কারণে প্রশাসন আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারছে না। সংশ্লিষ্টরা মনে করছেন, আদম পাচাররোধে কঠোর আইন হওয়া প্রয়োজন। সরকার আদম পাচাররোধে কেন কঠোর আইন প্রয়োগ করছে না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তবে আদম পাচারে কারা জড়িত তাদের চিহ্নিত করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দরকার বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মুজাহিদ উদ্দিন বলেন, আদম পাচাররোধে আইন সংশোধন করার প্রয়োজন রয়েছে। তা না হলে আদম পাচাররোধ করা সম্ভব নয়।
এদিকে গত বুধবার রাতে টেকনাফে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও বিজিবি ফের ৫৫ জন মালয়েশিয়াগামী যাত্রী আটক করে। তাদের থানায় পাঠিয়ে আদম পাচারে জড়িত হ্নীলা মৌলভী বাজার আলী আকবরপাড়ার বদি আলম বদিকে পলাতক আসামি করে মামলা করা হয়েছে বলে জানায় বিজিবি। এ নিয়ে গত কয়েকদিনে ১৩৩ জন মালয়েশিয়াগামী যাত্রী আটক করা হয়েছে। তাদের ভিকটিম হিসেবে মানবিক সহযোগিতা দিয়ে ছেড়ে দেয়া হয়। বর্তমানে অনেক লোক মালয়েশিয়া পাড়ি দিতে উপকূলের বিভিন্ন স্থানে ও সাগরে আন্তর্জাতিক রুটের জাহাজে অবস্থান করছেন বলে একটি সূত্র জানিয়েছেন।