বৃষ্টিতে বাড়ি যেতে পুলিশ ডাকা!

জনগণ কোনো ধরনের বিপদের সম্মুখীন হলে পুলিশের ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারেন। কিন্তু সেই বিপদের সীমা কতদূর পর্যন্ত। বৃষ্টির মধ্যে বাড়ি যেতেও কি পুলিশকে ফোন করতে হয়! কিন্তু সাধারণ এই বিষয়েও পুলিশকে ফোন করেছেন ইংল্যান্ডের এক নাগরিক এবং সাহায্যও পেয়েছেন। খবর ডেইলি মিররের। ওয়েস্ট সাসেক্সের এক পুলিশ অফিসার তার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। তবে ফোন করা ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি। ওই পুলিশ অফিসার জানান, শোরেহামের ওয়েস্ট সাসেক্সে একজন পিতা তার ছেলে-মেয়েদের নিয়ে বৃষ্টির মধ্যে একটি ফ্লাইওভারে আটকা পড়েন। এ সময় তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চান। সাহায্য না করলে পুলিশের অপরাধ বিষয়ক কমিশনারের কাছে অভিযোগ দায়ের করবেন বলে হুমকিও দেন পুলিশ কর্মকর্তাদের। পরে পুলিশ গাড়ি নিয়ে ফ্লাইওভার থেকে তাদের নামিয়ে আনেন এবং বাস স্টেশনে নিয়ে গাড়িতে তুলে দেন। ল্যান সিজনাল নামের এক যাজক এ সম্পর্কে বলেন, এটা জরুরি কিছু নয়। তবে পুলিশ একজন পিতা এবং বাচ্চাদের বৃষ্টি থেকে রক্ষা করেছেন। এজন্য ওই পুলিশ কর্মকর্তাদের পুরস্কার দেয়া উচিত।