পঞ্চগড়ে পারিজা ধান কাটা শুরু
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ১৯:১৮
পঞ্চগড়ে আউশ মৌসুমে দেশি পারিজা ধান কাটা শুরু হয়েছে। এই ধান কর্তন উপলক্ষে গত রোববার দুপুরে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের আমলাহার দাখিল মাদ্রাসা মাঠে মাঠ দিবসের আয়োজন করে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ দিবসের উদ্বোধন করেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। এসময় আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়ে’র কর্মসূচি সমন্বয়কারী জেবা আফরোজা, সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজার রহমানসহ কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
আরডিআরএস বাংলাদেশ এই মৌসুমে জেলায় ৩শ’ ৫০ জমিতে আউশ মৌসুমে দেশি পারিজা জাতের ধানের আবাদ করা হয়েছে। বোরো ধান কাটার পর আমন লাগা পর্যন্ত জমি পতিত থাকে। এই সময়টাকে কাজে লাগিয়ে নতুন আবিষ্কৃত এই ধান ইতিমধ্যে কৃষকের মাঝে আশার আলো জ্বালিয়েছে। কারণ এই সময়টাকে কৃষকরা থাকে অভাবে। রোপা আমন ধান লাগাতে গিয়ে তারা প্রায় নিঃস্ব হয়ে পড়ে। ঘরে খাবার থাকে না। তাই ফলন একটু কম হলেও তারা এই জাতের ধান আবাদ করছে।
সদর উপজেলার আমলাহাট এলাকার কৃষক মনতাজ আলী জানান, এবার পরীক্ষামূলকভাবে ২ বিঘা জমিতে দেশি পারিজা ধান আবাদ করেছেন। গতকাল তার মাঠে ধান কাটার পর দেখা যায় শুকানো অবস্থায় প্রতি বিঘা জমি থেকে ১০ মণ ধান ফলন পেয়েছেন তিনি। এই সময়টাতে এই ধান পরিবারের অনেক উপকারে আসবে।
আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর সহকারি কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, দিন দিন এই ধানের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অল্প সময়ের মধ্যে এই ধান উত্পাদন করায় কৃষকরা আশার আলো দেখছেন। তিনি জানান, যারা এই ধান আবাদ করেছেন তাদের বলে দিয়েছি আগামী বছরের জন্য এই ধান বেশি পরিমাণে রাখতে। যাতে বীজ হিসেবে নিজে ও অপরকে সহায়তা করা যায়।