সিলেটে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ওয়েবভিত্তিক মানচিত্র
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ১৯:১৯
সিটি করপোরেশন এলাকার স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর গবেষণার মাধ্যমে ওয়েবভিত্তিক মানচিত্র গঠন করেছে এনজিও জিআইজি। এতে সব মিলিয়ে ৩০৭টি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানকে সনাক্ত করা হয়েছে। একই সঙ্গে ম্যাপটিতে প্রত্যেকটি প্রতিষ্ঠানের অবস্থান ও সেবা সম্বন্ধে বিস্তারিত তথ্য সন্নিবেশ করা হয়েছে। এছাড়া গবেষণায় ফলাফলে দরিদ্র জনগোষ্ঠী প্রাথমিক স্বাস্থ্য সেবার অপ্রাতিষ্ঠানিক সেবাদাতাদের ওপর বহুলাংশেই নির্ভরশীল বলে দেখা গেছে। গত ২০ আগষ্ট মঙ্গলবার সিলেট সিটি করপোরেশন এবং জিআইজি’র যৌথ উদ্যোগে নগরীর রোজভিউ হোটেলে একটি কর্মশালায় গবেষণার তথ্য উপস্থাপন করা হয়।
কর্মশালায় জানানো হয়, গবেষণার ভিত্তিতে গঠন করা মানচিত্র অনুসারে সিটি করপোরেশন এলাকার যে কোন এলাকার স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সম্বন্ধে ধারণা লাভ করতে পারবে। কোন একটি নির্দিষ্ট সেবা সবচেয়ে কাছের কোন প্রতিষ্ঠানে পাওয়া যাবে এবং একই সঙ্গে তার খরচ, প্রতিষ্ঠানে ডাক্তার আছে কি নেই, এবং ঐ প্রতিষ্ঠানের সময়সূচি সম্বন্ধেও জানা যাবে।
এছাড়া মানচিত্রটি স্বাস্থ্য সেবা প্রদানের পরিকল্পনা কাজেও ব্যবহার করা যাবে। এই ম্যাপ প্রণয়নের পাশাপাশি আইসিডিডিআরবি-সিটি করপোরেশন এলাকার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা গ্রহণ সম্পর্কিত আচরণ নিয়েও গবেষণা করে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. শাহজাহান। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জিওজি’র ক্যান্ট্রি ডিরেক্টর ওলাফ হ্যান্ডলগটেন, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডা. অসুল আহমদ চৌধুরী, স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. আব্দুল মোনিম চৌধুরী, সিটি করপোরেশনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুধাময় মজুমদার, পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. লুত্ফুরনাহার জেসমিন, জিআইজি উপদেষ্টা ডা. পাউল রিকেট প্রমুখ।
এই গবেষণায় দেখা যায় যে, তারা তাদের প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য এখনো অপ্রাতিষ্ঠানিক সেবাদাতাদের ওপর বহুলাংশেই নির্ভরশীল। তাই সবার জন্য সাশ্রয়ী ও গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন হেলথ ফ্যাসিলিটির ম্যানেজার, বিভিন্ন পর্যায়ের নীতি-নির্ধারক এবং স্থানীয় সরকার, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এনজিও এবং বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়সাধনের ওপর গুরুত্ব আরোপ করেন।
কর্মশালায় আশা প্রকাশ করা হয়, গবেষণার তথ্য ব্যবহার করে সিলেট সিটি করপোরেশন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি এবং রেফারেন্স সিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্য জিআইজি’র এই সহযোগিতা সিটি করপোরেশনের অধিবাসীদের স্বাস্থ্য উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।