গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ীতে দুই পক্ষের মারামারিতে বাঁশের লাঠির আঘাতে তিন মাসের শিশু নিহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের দিঘা মার্কেট পাড়ায় ফসলি জমিতে ছাগল নামাকে কেন্দ্র করে তহুরুল ও আব্দুর রাজ্জাকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তহুরুলের লাঠির আঘাতে রাজ্জাকের তিন মাসের শিশু পুত্র আরিয়ান নিহত হয়। এ সময় আরিয়ান তার দাদির কোলে ছিল। আব্দুর রাজ্জাককে বাঁচাতে যায় তার মা। এরপর আব্দুর রাজ্জাক সরে গেলে দাদির কোলে থাকা শিশু আরিয়ান আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। বুধবার পুলিশ আরিয়ানের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ও এজাহার নামীয় নাজিরা বেগমকে (৩৫) আটক করে। সে তহুরুলের স্ত্রী।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, হত্যা মামলার প্রধান আসামি তহুরুলসহ অন্যদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে।