মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত ১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত পাঙ্গাশ মাছের পোনা ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা মানা হচ্ছে না। নদীতে পাঙ্গাশ পোনা ধরা ও স্থানীয় আড়ত ও বাজারগুলোতে তা বিক্রি হচ্ছে অবাধে। উপজেলার মেঘনা নদীর বিভিন্ন অঞ্চলে অবাধে পাঙ্গাশ মাছ ধরার পরে তা ষাটনল বাবুর বাজার, ছটাকি, এখলাছপুর, আমিরাবাদ, কানুদী মত্স্য আড়তসহ স্থানীয় বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে।
উপজেলা মত্স্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, এ ব্যাপারে আমরা অভিযান পরিচালনা করছি। তবে এ বিষয়ে সর্বশেষ কতদিন আগে অভিযান পরিচালনা করেছেন এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পাড়েননি।
মনপুরায় ৫০ মণ ছোট পাঙাশ মাছ জব্দ
মনপুরা (ভোলা) সংবাদদাতা জানান, মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার সিপিও মো. সানোয়ার হোসেনের নের্তৃত্বে বুধবার মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে ছাই বসিয়ে ছোট পাংগাস মাছ ধরা অবস্থায় দুইটি বোটসহ বিপুল পরিমান ছোট পাংগাস মাছ জব্দ করে। পরে কোস্টগার্ড আটককৃত সকল মাছ হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামে এনে মাদ্রাসা, এতিম খানা ও গরীব অসহায় মানুষের মাঝে বিনা মূল্যে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মত্স্য অফিসার তারিকুল ইসলাম সাবু, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর প্রমুখ।