সাতকানিয়ায় শঙ্খ নদীর ভাঙনে বিলীন তুলাতলী

শঙ্খের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী গ্রাম। কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ী ঢলে নদীগর্ভে তলিয়ে গেছে পুরো এলাকার ২২ ঘর। ভাঙ্গনের মুখে রয়েছে আরো প্রায় ৩০টি ঘর। জেলা প্রশাসকের কাছে ক্ষতিগ্রস্তদের একটি তালিকাও পাঠানো হবে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ তুলাতলী ঘাট সড়ক। যে কোন সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে এ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক। চরতি তুলাতলী এলাকার ১২ হাজার মানুষের সাতকানিয়া উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক। তাছাড়া সাতকানিয়া-চন্দনাইশ ও পটিয়া উপজেলার সাথে পুরো সাতকানিয়ার অধিকাংশ মানুষের নদী পথে সহজ যোগাযোগের ক্ষেত্রে এ সড়কের গুরুত্ব অপরিসীম। তুলাতলী এলাকায় শঙ্খের ভাঙন এত তীব্র যে, ভাঙন প্রতিরোধে ত্বড়িত ব্যবস্থা না নিলে চলতি বর্ষার যে কোন মুহূর্তে তুলাতলী গ্রাম বিলীন হয়ে যেতে পারে। চরতি ইউপি’র প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ঢলের পানি নামতে শুরু করলে ভাঙ্গনের তীব্রতা থেকে মুখের বসত ঘরগুলো আর সড়কটি রক্ষা করা সম্ভব না। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের পটিয়া জোনের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তুলাতলী ও ব্রাহ্মণডাঙ্গা এলাকার ভাঙ্গন প্রতিরোধ বাঁধ নির্মাণের ৪ কোটি টাকার ৩শ’ মিটারের একটি প্রকল্প পাওয়া গেছে। শীঘ্রই কাজ শুরু করা হবে।