নলডাঙ্গায় মা ও ছেলের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় ঘর থেকে মা এবং বাড়ির পাশের পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রাম থেকে মা ও তার দুই বছরের শিশুপুত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত শারমিন বেগম (২১) ও আবদুল্লাহ (২) একই গ্রামের মাহামুদুল হাসান মুন্নার স্ত্রী ও ছেলে।

নলডাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, মাহামুদুল হাসান মুন্না কাজের জন্য দীর্ঘদিন ধরেই ঢাকায় অবস্থান করছিলেন। ফলে তার স্ত্রী শিশু সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করছিল। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে শারমিন বেগম আব্দুল্লাহকে নিয়ে তাদের শোবার ঘরে চলে যান। পরে সেহেরির সময় পরিবারের লোকজন ডাকতে গেলে ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শারমিনের লাশ পড়ে থাকতে দেখে। এ সময় পরিবারের সদস্যদের চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং শিশু আবদুল্লাহর খোঁজ করে। পরে ভোর ৬টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে মাকে শ্বাসরোধ করে এবং শিশু সন্তানকে পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।