উখিয়া থেকে মিয়ানমারে পাচার হচ্ছে ইউরিয়া সার
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ২১:২৪
সরকার ভর্তুকি দিয়ে ন্যায্যমূল্যে কৃষকের ঘরে পৌঁছে দেয়ার জন্য উত্পাদিত ইউরিয়া সার মিয়ানমারে পাচার হচ্ছে। সার বিপণনের উপর প্রশাসনের নজরদারি না থাকার কারণে স্থানীয় পাইকারী ও খুচরা ডিলারদের বরাদ্দ দেয়া এসব সার চাষাবাদের অজুহাত তুলে পাচারকারী চক্রের হাত বেয়ে ওপারে চলে যাচ্ছে।
বুধবার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মধ্যম হলদিয়াপালং এলাকা থেকে উখিয়া থানা পুলিশ ভটভটি ভর্তি ৩০ বস্তা সারসহ একজন পাচারকারীকে আটক করেছে। এর আগে বিজিবি আরো ১০ বস্তা আটক করে বালুখালী কাস্টমসে্র নিকট হস্তান্তর করেছে।
প্রতি বোরো ও আমন মৌসুমে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের চাহিদাপত্র মোতাবেক চট্টগ্রাম থেকে ডিলারদের অনুকূলে সার বরাদ্দ দেয়া হলেও এসব সার বিপণনের উপর প্রশাসনের কোন নজরদারি না থাকায় স্থানীয় পাইকারী ও খুচরা ডিলারদের মাধ্যমে বেশির ভাগ সার পাচারকারী চক্রের হাত বেয়ে মিয়ানমারে পাচার হয়ে থাকে।
এবারও চলতি আমন মৌসুমের চাহিদা অনুযায়ী এ পর্যন্ত ৪২০ মেট্রিক টন সার বরাদ্দ দেয়া হয়েছে বলে কৃষি কর্মকর্তা ইউসুফ ভূঞা সাংবাদিকদের জানালেও সারসহ আটকের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: গিয়াস উদ্দিন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা ষ্টেশনের পাইকারী সার ডিলার নুরুল ইসলামের নিকট থেকে ক্রয় করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মধ্যম হলদিয়াপালং গ্রাম থেকে মেহের আলী সিকদার নামের এক পাচারকারীকে ৩০ বস্তা ইউরিয়া সারসহ আটক করা হয়। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।