চোরাই মোবাইলের সূত্র ধরে অজ্ঞান পার্টির প্রধান গ্রেপ্তার

যশোরের কেশবপুরের আলোচিত চেতনানাশক স্প্রে করে চুরির ঘটনায় জড়িত চোর সিন্ডিকেট প্রধান জামির শেখকে (৩৫) আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, গত ৩মে রাতে কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সুকুমার ঘোষের বাড়িতে চোরেরা চেতনানাশক স্প্রে করে তার স্ত্রী চিত্রা ঘোষ (৫৫) ও ছেলে শিমুল ঘোষের চেতনা হারিয়ে ফেললে চোরেরা ঘরে ঢুকে নগদ ৪৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও দু’টি মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় গত ১০ মে কেশবপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হয়। চুরির পর থেকে পুলিশ চোর সনাক্ত করতে না পেরে চুরি যাওয়া মোবাইলটির কললিষ্ট চেয়ে পাঠায় মোবাইল কোম্পানীতে। কললিষ্টের সূত্র ধরে ২০ আগষ্ট রাতে চুরি যাওয়া মোবাইলের সিম ব্যবহারকারী হিসেবে উপজেলার ব্রক্ষ্মকাটি গ্রামের মৃত শেখ রহমানের ছেলে জামির শেখকে পুলিশ গ্রেফতার করে। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই নাসির জানান, কললিষ্টের সূত্র ধরে জামির শেখকে গ্রেফতার করা হয়েছে। তাকে ৩ দিনের রিমাণ্ড চেয়ে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।