ধামইরহাটে প্রসূতিদের অস্ত্রোপচার ২ বছর বন্ধ
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ২১:২৬
নওগাঁর ধামইরহাট উপজেলার ৫০ শয্যার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে পঁচিশ মাস ধরে প্রসূতিদের অস্ত্রোপচার (সিজারিয়ান অপারেশন) বন্ধ রয়েছে। গাইনি বিশেষজ্ঞ ও সিজারিয়ান ডাক্তার না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে দরিদ্র প্রসূতিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, গত ২০১০ সালের জানুয়ারি মাসের আগ পর্যন্ত ধামইরহাট স্বাস্থকেন্দ্রে প্রতি মাসে পড়ে ১৫ জন প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হতো। গাইনি বিশেষজ্ঞ না থাকলেও তখন ডাঃ শাহ আলম তালুকদার সিজারিয়ান অপারেশন করতেন। হাসপাতালের অপর চিকিত্সককেরা তার সাহায্য নিয়ে প্রসূতিদের অস্ত্রোপচার করতেন। হঠাত্ ২০১০ সালের জানুয়ারি মাসে ওই সিজারিয়ান অপারেশনের ডাক্তার বদলি হন। তখন থেকে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন বলেন, গাইনি বিশেষজ্ঞ ও ডাক্তার সংকটের কথা বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে । কিন্তু কোনো কাজ হয়নি।