নওগাঁয় হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের ধর্মঘট চলছে
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ২১:২৬
গত বৃহস্পতিবার বিকালে বেতন বৃদ্ধি, নিয়োগপত্র, শ্রমের সময়সীমা নির্ধারণসহ ৮ দফা দাবিতে নওগাঁ জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে।
গতকাল শুক্রবার সকালে শহরের সুপারীপট্টি এলাকায় তাদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি মকসেদ আলী, সাধারণ সম্পাদক মন্টু কুমার চাকী।
বক্তারা বলেন, হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকরা সারাদিন কাজ করে মানবেতর জীবনযাপন করছে। আর মালিকরা বাড়ি গাড়ি করছে। ২০০৬ সালে ১৬ জানুয়ারি তত্কালীন জেলা প্রশাসকের সভাপতিত্বে এক আলোচনা সভায় তাদের ৮ দফা দাবি মেনে নেয়া হয়। কিন্তু আজও তার একটিও বাস্তবায়ন হয়নি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
বৃহস্পতিবার বিকাল থেকে এ ধর্মঘট শুরু হওয়ায় শহরের বেশির ভাগ হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রাখতে বাধ্য হন মালিকরা।