বরিশালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নকলের দায়ে ৪ শিক্ষার্থীর কারাদণ্ড
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ২২:১৪
নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় (স্কুল পর্যায়) অসদুপায় অবলম্বনের দায়ে গতকাল শুক্রবার ৪ পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরীক্ষা চলাকালে নগরীর মডেল স্কুল এন্ড কলেজ ও হালিমা খাতুন স্কুল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খানম পরিদর্শনে গিয়ে ওই চার পরীক্ষার্থীকে হাতেনাতে নকলসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্তদের প্রত্যেককে কারাদণ্ড প্রদান করেন। পরীক্ষা কেন্দ্র থেকেই তাদের পুলিশের মাধ্যমে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে।
জামালপুরে ৪ জন বহিষ্কার
জামালপুর প্রতিনিধি জানান, জেলায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গত শুক্রবার নকল করার অভিযোগে চার জনকে বহিষ্কার করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজে পরীক্ষায় নকলের অভিযোগ পাওয়া গেছে। এ উপ-কেন্দ্রে নকলের অভিযোগে ৪ জনকে বহিষ্কার করা হয়।