প্রথম নারী হিসেবে আইসিসির এলিট প্যানেলে ম্যাচ রেফারি হিসেবে জায়গা করে নিলেন ভারতের জিএস লক্ষ্মী। ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন এ ভারতীয়।
নারীদের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে ৫১ বছর বয়সী লক্ষ্মীর। এর আগে ২০০৮-০৯ মৌসুমে ভারতী নারীদের ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মত ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
পুরুষদের ওয়ানডে ক্রিকেটে গত মাসে প্রথম নারী আম্পয়ার হিসেবে অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাকের পর পরই এ দায়িত্ব পেলেন তিনি। লক্ষ্মী বলেন, ‘আইসিসি কর্তৃক ইন্টারন্যাশনাল প্যানেলে নির্বাচিত হওয়াটা আমার জন্য অনেক বড় সম্মানের এবং এর মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হলো। ভারতে একজন ক্রিকেটার ও ম্যাচ রেফারি হিসেবে আমার দীর্ঘ ক্যারিয়ার রয়েছে। আশা করছি একজন খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তা উভয় ক্ষেত্রে নিজের অভিজ্ঞতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে ভাল করতে পারব।’
আইসিসির আম্পায়ার ও রেফারি বিষয়ক সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান গ্রিফিথ জানান, আইসিসি বরাবরই লৈঙ্গিক সমতার সাথে সাথে ব্যক্তি বিশেষের যোগ্যতাকেও গুরুত্ব দেয়। এই বিষয়টা মাথায় রেখেই আইসিসি নিয়োগ দিয়েছে লক্ষ্মীকে।