দৃঢ় মনোবল নিয়ে বসবাস করুন
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ২২:৫৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার সময় সাহস বজায় রাখতে এবং দৃঢ় মনোবল নিয়ে বসবাস করতে হিন্দু সমপ্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার সময়ে এক শ্রেণীর রাজনৈতিক গোষ্ঠী সংখ্যালঘু লোকদের ওপর ঝাঁপিয়ে পড়তে চায় বলে আপনাদেরকে দৃঢ় মনোবল নিয়ে বসবাস করতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা সম্মিলিতভাবে দেশ স্বাধীন করেছি এবং আমাদেরকে তাই একসঙ্গে দেশ গড়তে হবে।’
জন্মাষ্টমী উদযাপন কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি এবং হিন্দু ধর্মীয় নেতারা গতকাল শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি তাদের উদ্দেশ্যে একথা বলেন। তিনি অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেয়ার প্রক্রিয়ায় একটি ঐকমত্যে পৌঁছার জন্য হিন্দু সমপ্রদায়ের লোকজনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার অর্পিত সম্পত্তি মূল মালিক বা তাদের উত্তরাধিকারের কাছে ফেরত দিতে অঙ্গীকারবদ্ধ।
বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দেবাশিষ পালিত, সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ এবং ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এসময় উপস্থিত ছিলেন। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট শাহজাহান মিয়া, ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ অমেয়ানন্দ মহরা, বাঁশখালি ঋষিধামের মোহান্ত সুদর্শন নন্দ পুরী, ইসকন বাংলাদেশ শাখার প্রধান শ্রীপদ চারু চন্দ্র দাস ব্রহ্মচার্য এবং সীতাকুন্ড শঙ্কর মঠের মহারাজ শ্রীমথ তপানন্দ গিরি সেখানে উপস্থিত ছিলেন।
পরিষদ নেতৃবৃন্দ দেশে সেক্যুলার চেতনার বিকাশে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন যে, অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেয়ার প্রক্রিয়ায় সৃষ্ট বাধা অপসারিত হবে।