শেখ হেলালের জনসভায় বোমা হামলায় হান্নানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

বাগেরহাটের মোল্ল¬াহাটে শেখ হেলালের জনসভায় বোমা হামলার ঘটনায় মুফতি হান্নানসহ বিএনপি নেতা ও ৪ জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। পুলিশ জ্যেষ্ঠ বিচারিক হাকিম রেজওয়ানুজ্জামানের আদালতে সিআইডির চার্জশিট দুটি দাখিল করেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফরিদপুর জোনের সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি চার্জশীট দাখিল করা হয়। সিআইডির চার্জশিটে অভিযুক্ত হুজি নেতা মুফতি আব্দুল হান্নান (৫০), বাগেরহাটের মোল্ল¬াহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিকদার বাদশা মিয়া (৭০), জেএমবির ৪ সদস্যঃ জিল্লুর রহমান ওরফে জিনু মোল্ল¬া (৬০), আবু তালেব (৪২), আরিফুজ্জামান ওরফে আনিস (৪০) এবং হাফেজ মোহাম্মদ রকিব হাসান ওরফে রাসেল ওরফে হাসান (৪৩)। এদের মধ্যে মুফতি হান্নান ও আনিসের বাড়ি গোপালগঞ্জে, রাকিবের বাড়ি জামালপুরে এবং জিনু মোল্ল¬া, আবু তালেব ও বাদশা মিঞার বাড়ি মোল্ল¬াহাট উপজেলায়। চার্জশিটে এজাহারভুক্ত ১৭৬ জন আসামির মধ্যে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএএইচ সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি সেখ মুজিবর রহমানসহ ১৭৪ জনকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা সিদ্দিকুর রহমান আরও জানান, ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে মোল্ল¬াহাটের খলিলুর রহমান কলেজ মাঠে শেখ হেলালের নির্বাচনী জনসভায় পেতে রাখা বোমা বিস্ফোরণ হয়। এতে ৮ জন নিহত ও শেখ হেলালসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।