শাপলা চত্বরে হেফাজতের কেউ নয়, মারা যান পুলিশের এক এসআই
শেখর ভক্ত বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ২২:৫৬
“গত ৫ মে রাতে শাপলা চত্বর থেকে হেফাজতকে সরিয়ে দেয়ার অভিযানে হেফাজতের কোন নেতা-কর্মী মারা যায়নি। বরং হেফাজতের নামে জঙ্গিদের হামলায় পুলিশের একজন কর্মকর্তা (এসআই) নিহত হয়েছেন। পুলিশ ও জনতার ঐক্য অপরাধ দমনের জন্য অপরিহার্য। তাই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। পুলিশকে যে কোন পরিস্থিতিতে দুর্নীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।” শুক্রবার বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি শহীদুল হক (বিপিএম-পিপিএম) এ কথা বলেন। বাগেরহাটে পুলিশ সুপার মো: নিজামুল হক মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন, আলহাজ্ব এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বিশেষ অতিথি ছিলেন, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো: দিদার আহমেদ, বাগেরহাটের জেলা প্রশাসক মু: শুকুর আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পিসি কলেজের অধ্যক্ষ সুকণ্ঠ কুমার মন্ডল, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো: আনিসুজ্জামান সিকদার, আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: আবুল কালাম, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফ্ফর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক এডভোকেট শাহ্ আলম টুকু, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, এনজিও প্রতিনিধি শামিম আহসান, নারী নেত্রী সীতা রানী দেবনাথ, হ্যাপী বড়াল প্রমুখ।
প্রধান বক্তা মীর শওকাত আলী বাদশা এমপি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাগেরহাটে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের ন্যায় সহিংসতা হয়নি। বরং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।