কার কথায় আপনি
নসিহত করে
বেড়াচ্ছেন
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ২৩:০৩
নির্বাচনী সরকার নিয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে অযাচিত হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, নোবেল বিজয়ী হিসেবে আমরা আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু আপনি অযাচিতভাবে নানা কথা বলছেন, নির্দলীয় সরকারের পক্ষে বক্তব্য দিচ্ছেন।
এ সময় মোহাম্মদ নাসিম ইউনূসের প্রতি প্রশ্ন রাখেন, কার কথায় আপনি নসিহত করে বেড়াচ্ছেন? এ রকম অযাচিত রাজনৈতিক বক্তব্য দিয়ে নিজেকে বিতর্কিত করবেন না। দয়া করে নিজের সম্মান নিজে নষ্ট করবেন না।
গতকাল শুক্রবার রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে ড. ইউনূস বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, আপনি সম্মানিত ব্যক্তি। আপনার গ্রামীণ ব্যাংকের কোনো ক্ষতি আমরা করছি না। আপনিও আপনার সম্মান নষ্ট করবেন না। বাংলাদেশ কীভাবে চলবে তা ঠিক করবে জনগণ । কারো নসিহতে চলবে না- তা দেশি হোক আর বিদেশি হোক।
মোহাম্মদ নাসিম এই নোবেল বিজয়ীর উদ্দেশে বলেন, আপনি কখনো মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন না। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আপনি কখনো বক্তব্য দেননি। সাভারের রানা প্লাজা ধস নিয়ে আপনার কোনো কথা শুনিনি। কোনো জাতীয় সংকটের সময় আপনার চেহারা দেখি না।
গতকাল সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম প্রমুখ।