বার্সার পথে গ্রিজমান

ফরাসি স্ট্রাইকার আন্তনিও গ্রিজমান অ্যাটলেটিকা মাদ্রিদের সমর্থকদের বিদায় জানিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে গত মৌসুমে বার্সেলোনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এ মৌসুমে সেখানেই যাচ্ছেন ২৮ বছরের এই তারকা ফুটবলার।

গ্রিজমান নিশ্চিত করেছেন তিনি আগামী মৌসুমে স্পানিশ ক্লাবটিতে আর ফিরছেন না। এ কারণে অ্যাটলেটিকো সমর্থকদের ‘প্রচুর ভালোবাসার’ কারণে তাদের ধন্যবাদ দিয়েছেন তিনি। যদিও গত মৌসুমেই তিনি পাঁচ বছরের জন্য স্পানিশ রাজধানীর ক্লাবটির সাথে নতুন চুক্তি করেছিলেন।

অ্যাটলেটিকোও তাদের টুইটারে জানিয়েছে, ‘আন্তনিও গ্রিজমান ক্লাবটিকে জানিয়েছে যে সে আগামী মৌসুমে রোজিব্ল্যাংকোদের হয়ে খেলবে না।’ এরপরেই ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার ফ্রান্স জাতীয় দলের এই খেলোয়াড়।

ইউরোপের ফুটবল মৌসুম শেষে বড় মাপের খেলোয়াড়দের দলবদল নিয়ে যে আলোচনা চলছে, তাতে প্রথম ক্লাব বদলের সিদ্ধান্ত জানালেন গ্রিজমান। যদিও তিনি কোথায় যাচ্ছেন তা নিশ্চিত করেননি। তবে গণমাধ্যমের খবর তাকে বিপুল অর্থেই কিনে নিচ্ছে কাতালান ক্লাবটি। কেননা তাকে নিতে হলে ১২ কোটি ইউরো দেওয়ার বাধ্যবাধকতা আছে।

আগের মৌসুমে বার্সেলোনা তাকে বার্ষিক ১৩ মিলিয়ন পাউন্ডে ২০২৪ সাল পর্যন্ত থাকার শর্তে চুক্তির প্রস্তাব করেছিল। সেবার বার্সেলোনার তিন তারকা লিওনেল মেসি, লুই সুয়ারেজ ও জেরার্ড পিকে এই ফরাসি স্ট্রাইকারকে দলে নিতে সুপারিশ করেছিল। সে হিসেবে বলা যায় বার্সেলোনার বর্তমান দলের সাথে তার মেলবন্ধন ভালো হবে।

গ্রিজমান অ্যাটলেটিকোরই টুইটার অ্যাকাউন্টে দুই মিনিটের ভিডিওতে শুধু বলেন, ‘পাঁচটা অবিশ্বাস্য বছর কেটেছে। সবকিছুর জন্যই আপনাদের ধন্যবাদ। আমি আপনাদের হূদয়ে ধারণ করবো। আমি আপনাদের বলতে চাই যে নতুন কিছুর মুখোমুখি হওয়া, নতুন চ্যালেঞ্জ নিতে আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

রিয়াল সোসিয়েদাদ ছেড়ে ২০১৪ সালের জুলাইয়ে তিন কোটি ইউরোয় অ্যাটলেটিকো মাদ্রিদে এসেছিলেন গ্রিজমান। এরপর প্রতি মৌসুমে তিনিই ছিলেন ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা। অ্যাটলেটিকোর হয়ে ইউরোপা লিগ, স্পানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ জেতা এই ফরোয়ার্ড ১৭৯ খেলায় ৯৪ গোল করেন। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে ৪৮ খেলায় করেন আরো ২১ গোল। তিনি আগামী শনিবার বর্তমান ক্লাবের হয়ে লেভান্তের বিরুদ্ধে খেলার মধ্য দিয়ে একটি অধ্যায়ের সমাপ্তি টানবেন।

এদিকে ইউরোপে আগামী মৌসুমে অনেক ফুটবলারের দলবদল ঘটবে বলে মনে করা হচ্ছে। আলোচনা আছে রিয়াল তাদের ১৪ ফুটবলারের জন্য ক্লাব খুঁজছে। বিপরীতে এডেন হ্যাজার্ড, পল পগবাদের দেখা মিলতে পারে রিয়ালে।