২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা ও বুসান পার্টনারশিপের উপর আন্তর্জাতিক কর্মশালা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২০:১২
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উদ্যোগে আজ থেকে ঢাকায় তিন দিনব্যাপী কার্যকর উন্নয়নে বৈশ্বিক অংশিদারিত্ব বিষয়ক এশীয় কর্মশালা শুরু হচ্ছে। বিভিন্ন দেশ থেকে আগত অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজিত এ কর্মশালায় ২০১৫ পরবর্তী উন্নয়ন কর্মসূচী ও বুসান পার্টনারশিপের উপর আলোচনা হবে। তাছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগীদের দেয়া সহযোগিতাগুলো আরো কার্যকর ভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে। এ উপলক্ষে গতকাল শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইআরডি সচিব আবুল কালাম আজাদ জানান, সামপ্রতিক সময়ে সারা বিশ্ব জুড়ে বৈদেশিক সাহায্যের কার্যকারিতা বৃদ্ধির উপর ব্যাপক গুরুত্বারোপ করা হচ্ছে। আন্তর্জাতকি পর্যায়ে এ বিষয়ে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে ২০১১ সালে অনুষ্ঠিত বুসান সম্মেলন বিশেষভাবে উল্লেখযোগ্য। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত এ সম্মেলনে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় বিভিন্ন পক্ষের সমঅংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ‘গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট কোপারেশন’ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর বৈশ্বিক সহযোগিতা ফোরাম নামে একটি ফোরাম গঠনের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ এ ফোরামের স্টিয়ারিং কমিটিতে এশীয় অঞ্চলের প্রতিনিধিত্বকারী সক্রিয় সদস্য। তারই ধারাবাহিকতা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডাকে সামনে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকার একটি হোটেলে একই কর্মশালার আয়োজন করেছে।