বাংলাদেশের সাফ যাত্রা আজ

অনেকেই বলেন, সাফ চ্যাম্পিয়নশিপ হল বাংলাদেশের বিশ্বকাপ। দেশের বিবেচনায় অন্যতম গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টকে মাথায় রেখেই মূলত ডাচ কোচদের ঢাকায় আনা। কিন্তু সেই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্যটা কী; তা গতকালও পরিষ্কার করে বলতে চাইলেন না বা বলতে পারলেন না জাতীয় দলের কোচ লুডভিক ডি ক্রুইফ। আর এই অনির্ধারিত লক্ষ্য নিয়েই আজ সকালে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপালের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের স্বাভাবিকভাবে লক্ষ্য হওয়ার কথা এই টুর্নামেন্টের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই লক্ষ্যটা মাথায় রেখেই বিশাল অংকের অর্থ ব্যয় করে ডাচ কোচিং স্টাফ দিয়ে সাজিয়ে তুলেছে জাতীয় দলকে। ক্রুইফ যেভাবে যা চাইছেন তাই দিতে চেষ্টা করছে বাফুফে। একটা সমস্যা হল, এবার বাংলাদেশকে গ্রুপ পর্বেই মুখোমুখি হতে হচ্ছে শক্তিশালী কয়েকটি দলের। তারপরও একটা লক্ষ্য ঠিক তো অন্তত থাকার কথা। কিন্তু গতকাল পর্যন্ত শিরোপা জয় তো দূরে থাক, পরিষ্কার কোনো লক্ষ্যের কথাও বলেননি ক্রুইফ। সাফের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে বললেন, ‘আমি যদি চ্যাম্পিয়ন হওয়ার কথা বলি, সেটা হবে বোকামি। আমার লক্ষ্য হচ্ছে ভালো করা। সেরা সাফল্যটা পেতে আমি সব রকম চেষ্টা করব। আগাম কিছু বলে রাখতে চাই না।’ ক্রুইফের কথা হচ্ছে, তিনি একটা করে ম্যাচ এগিয়ে যেতে চান। ক্রুইফ যেভাবেই চান না কেন বাংলাদেশের ফুটবল দর্শকরা বাংলাদেশকে ফাইনালে দেখতে চায়। সেই স্বপ্ন পূরণ হবে কিনা সেটা এখন দেখার ব্যাপার। আগামি ৩১ আগস্ট নেপালের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। কোচ যে শুধু লক্ষ্য ঠিক করতে পারেননি তাই নয়; বিচিত্র এক কারণে গতকাল সন্ধ্যা পর্যন্তও ২০ সদস্যের দলটা ঘোষণা করেননি তিনি। সেটা নাকি করবেন ২৯ আগস্ট নেপালে বসে। আজ ঢাকা ছাড়বে ২১ সদস্যের জাতীয় দল! নিয়ম অনুসারে ২০ জনের নাম জমা দিতে হবে ম্যানেজারস মিটিংয়ে। ২৯ আগস্ট ম্যানেজারস মিটিং। তার আগ পর্যন্ত চূড়ান্ত দল ঘোষণার জন্য সময় নিতে চান ক্রুইফ। আর তাই তো আজ সকালে নেপালের উদ্দেশ্যে ২১ জনের দল যাবে বলে বাফুফে গতকাল জানিয়েছে। ২২ ফুটবলার নিয়ে গতকাল শেষবারের মতো ট্রায়াল চলছিল। ২২ জনের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। সেখান থেকে গতকাল রাতেই একজনকে বাদ দেয়ার কথা। ক্রুইফ কেন দলটাকে চূড়ান্ত করতে পারেননি তা নিয়ে প্রশ্ন উঠলে তার একটা ব্যাখ্যা করেছেন ডাচ কোচ। তিনি বলেন, ‘অনেকগুলোর মধ্যে ইনজুরি একটা বড় কারণ। ইনজুরির কারণে কেষ্ট বাদ পড়েছেন। এখন জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম ইনজুরিতে পড়েছেন। এই ফুটবলার ইনজুরিতে পড়া মানে দলের জন্য আরো বড় ধরনের ধাক্কা। মামুনুল ইসলাম এখন দেশ সেরা মিডফিল্ডার। জাতীয় দলের মাঝ মাঠটাকে তিনিই বুক দিয়ে আগলে রাখেন। কিন্তু শেখ জামালের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে গিয়ে একজন বিদেশি ফুটবলার মামুনুল ইসলামকে আঘাত করেছেন। তার সাফে খেলা নিয়ে আশংকা তৈরি হয়েছে। মামুনুল ইসলামের এমআরআই করানো হয়েছে। আরো নিশ্চিত হওয়ার জন্য তার পায়ের হাঁটুতে সিটি স্ক্যান করানোর পর গতকাল তার রিপোর্ট ডাক্তাররা হাতে পেয়েছেন। বাফুফের মেডিক্যাল কমিটির ডাক্তার ইমরান জানিয়েছেন, মামুনুলের বর্তমান অবস্থা ভালো। তেমন কোনো ক্ষতি হয়নি। বিশ্রাম লাগবে।’ টুর্নামেন্ট খেলার অনিশ্চয়তা নিয়েও মামুনুল ইসলাম দলের সাথে যাবেন। নেপালের ম্যাচের আগ পর্যন্ত তাকে সারিয়ে তোলার চেষ্টা থাকবে। না হলে হয় তো তিনি নেপালের বিরুদ্ধে ম্যাচটা পাবেন না। যদি তাই হয় সেটা হবে দলের জন্য অনেক বড় ক্ষতি। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ভারত এবং পাকিস্তান। খুবই কঠিন প্রতিপক্ষের সামনে বাফুফে। বাংলাদেশ ফাইনালে উঠবে এমন কোনো নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। প্রতিপক্ষ তিনটি দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য টুর্নামেন্টে আসছে। বাংলাদেশের চেয়ে প্রতিপক্ষ দলগুলো অনেকটাই এগিয়ে। বিভিন্ন দেশে প্রস্তুতি ম্যাচ খেলছে দলগুলো। ক্রুইফ বলছেন, ‘ভারত ফেভারিট। নেপাল স্বাগতিক দেশ। তাই তারাও অনেক এগিয়ে রয়েছে। তবে আমরা সব কয়টি ম্যাচই জিততে চাই।’ ২১ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন তিন গোলকিপার বিপ্লব, সোহেল, মামুন খান। তকলিস, রায়হান হাসান, মোনায়েম খান রাজু, মোবারক হোসেন, লিংকন, আতিকুর রহমান মিশু, ওয়ালী ফয়সাল, নাসির উদ্দিন চৌধুরী, আরিফুল ইসলাম, তকলিস আহমেদ তন্ময়, রেজাউল করিম রেজা, মিঠুন চৌধুরী, জাহিদ হোসেন, এমিলি, শাখাওয়াত হোসেন রনি, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, ওমর ফারুক বাবু, সোহেল রানা এবং ওয়াহেদ আহমেদ। ম্যানেজার ইকবাল হোসেন, দলনেতা শেখ মারুফ হাসান। কাঠমান্ডু সাফ চ্যাম্পিয়নশিপের ফিকশ্চার ৩১ আগষ্ট বাংলাদেশ ঃ নেপাল ৬টা ৩০ ১ সেপ্টেম্বর ভারত ঃ পাকিস্তান ৬টা ৩০ ২ সেপ্টেম্বর আফগানিস্তান ঃ ভুটান ৩টা ৩০ মালদ্বীপ ঃ শ্রীলংকা ৬টা ৩০ পাকিস্তান ঃ নেপাল ৬টা ৩০ ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ঃ ভারত ৩টা ৩০ পাকিস্তান ঃ নেপাল ৬টা ৩০ ৪ সেপ্টেম্বর শ্রীলংকা ঃ আফগানিস্তান ৩টা ৩০ ভুটান ঃ মালদ্বীপ ৬টা ৩০ ৫ সেপ্টেম্বর বাংলাদেশ ঃ পাকিস্তান ৩টা ৩০ ভারত ঃ নেপাল ৩টা ৩০ ৬ সেপ্টেম্বর আফগানিস্তান ঃ মালদ্বীপ ৩টা ৩০ শ্রীলংকা ঃ ভুটান ৩টা ৩০ ৮ সেপ্টম্ববর প্রথম সেমিফাইনাল ৬টা ৩০ ৯ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনাল ৬টা ৩০ ১১ সেপ্টেম্বর ফাইনাল ৬টা ৩০