বিদায় নিল সাকিবের দলও
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২১:৫২
তামিম ইকবালের দল সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে। এবার ফাইনালের দর্শক হয়ে গেলেন সাকিব আল হাসানও।
বাংলাদেশ সময় গতকাল ভোরে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে জ্যামাইকা তালাওহাসের কাছে ৭ উইকেটে হেরে ছিটকে পড়লো সাকিবের দল বারবাডোজ ট্রাইডেন্টস। আগামীকালকের ফাইনালে জ্যামাইকার প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন অরিয়র্স।
সিপিএলে দুই ম্যাচ আগে দলকে জেতানোয় ম্যাচসেরা সাকিব এদিন তেমন কোনো ভূমিকা রাখার সুযোগই পাননি। বল হাতে মাত্র এক ওভারে খরচ করেছেন আট রান। আর ব্যাট হাতে নামেনইনি। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া জ্যামাইকা পুরো ম্যাচেই নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখে। সাকিবের দল প্রথম ছয় রানেই দুই উইকেট হারায়। এরপর তৃতীয় উইকেট জুটিতে রেইমন্ড রেইফারকে নিয়ে সোয়েব মালিকে ১০২ রানের জুটিও বাঁচাতে পারেনি বারবাডোজ ট্রাইডেন্টকে। ১০৮ রানে পর পর দুই বলে সোয়েব মালিক এবং রেইফার আউট হওয়ার পর বাকিরা যাওয়া-আসার মধ্যেই ছিলেন।
বারবাডোজের ইনিংসে তৃতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে। ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৪৮ রান। জ্যাইমাইকার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন ভেরনন ফিলেন্ডার। জবাব দিতে নেমে ক্রিস গেইল ব্যর্থ হলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এদিন প্রথম মাঠে নামা কুমার সাঙ্গাকারা জ্যামাইকার জয়ে শেষ পর্যন্ত নেতৃত্ব দেন। গেইল ব্যক্তিগত তিন রানে প্যাভিলিয়নের পথ ধরার পর চ্যাডউইক ওয়াল্টনকে নিয়ে সাঙ্গাকারা ৭১ রানের জুটি গড়েন। চতুর্থ উইকেট জুটিতে আন্দ্রে রাসেলের একটি চার আর চারটি ছয়ে মাত্র ৬ বলে ২৯ রানের বিধ্বংসী ইনিংসে ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় জ্যাইমাইকা। জামাইকার হয়ে আজহার মাহমুদ সর্বোচ্চ দুই উইকেট তুলে নেন।