বিশ্বনাথের এক প্রতিবন্ধী পেল প্রবাসীর অনুদান

দুবাই থেকে অন লাইনে ইত্তেফাকে প্রকাশিত সিলেটের বিশ্বনাথের প্রতিবন্ধী শিশু মিঠনের সচিত্র প্রতিবেদন পড়ে দুবাই প্রবাসী বরিশালের আবদুল হাই নগদ পঁচিশ হাজার টাকা অনুদান দিয়েছেন। গত শুক্রবার দৈনিক ইত্তেফাক বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা তজম্মুল আলী রাজুর আয়োজনে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় প্রতিবন্ধী শিশু মিঠনকে অনুদান প্রদান উপলক্ষে বিকেল চারটায় প্রেসক্লাবের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি জামালউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ (সদর) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক, মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, আওয়ামী লীগ নেতা মহব্বত আলী জাহান। সিলেটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করেন না, তারা সমাজ পরিবর্তনেও অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বলেন, অসহায়, প্রতিবন্ধী হতদরিদ্র মানুষের পাশে প্রবাসীদের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।