জগন্নাথপুরে ২ বোন অপহরণ মামলা নেয়নি থানা

জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকার মশাইদ উল্ল্যার ২ মেয়ে অপহরণ হওয়ার ৬ দিন পর থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ৪ দিন পরও অভিযোগ আমলে নেয়নি পুলিশ। অসহায় দরিদ্র মশাইদ উল্ল্যা তার ২ মেয়েকে উদ্ধার করতে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন। গত ১৫ আগস্ট ২ সহোদরা অপহরণের পর গত বুধবার তাদের পিতা পৌর এলাকার জালালপুরের বখাটে যুবক রফিকসহ ৪ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঐদিন বিকাল ৫টায় এস আই মিজানুর রহমান অপহরণের অভিযোগটি তদন্ত করেছেন। গত বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার এলাকা থেকে গ্রামীণফোনের ০১৭৭৯-৭৫৫৯৭২ নাম্বার থেকে জনৈক ব্যক্তি ফোন দিয়ে জানায়, কেশবপুর এলাকার আসমা ও রিপা নামে ২টি মেয়ে তার কাছে রয়েছে। মেয়ে ২টি ধর্ষিতা হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করাতে হবে। এ সংবাদটি থানায় জানানো হলে পুলিশ ঐ গ্রামীণফোনের নাম্বারে যোগাযোগ করে সঠিক কোন তথ্য উদ্ঘাটন করতে পারেনি। ওসি মাকছুদুর রহমান জানান, মোবাইল ফোনের সূত্র ধরে মেয়ে ২টি আটকের বিষয়ে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় যোগাযোগ করা হয়েছে। পরবর্তীতে ঐ মোবাইল ফোনটি বন্ধ থাকায় বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়। ঐদিন রাতে মোবাইল নাম্বারটি টেকিং করা হলে ঢাকার শান্তিনগর টাওয়ার এলাকা থেকে ঐ ব্যক্তি মোবাইল ফোনে কথা বলার তথ্য পাওয়া যায়। তিনি অপহরণ মামলার পরিবর্তে সাধারণ ডায়রি করার জন্য অপহূতাদের পিতা মশাইদ উল্ল্যাকে পরামর্শ দেন। এদিকে অপহূতা ২ মেয়ের পিতা মশাইদ উল্ল্যা জানান, থানায় অভিযোগ দায়েরের পর থেকে অপহরণকারীরা বেশি বাড়াবাড়ি না করার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।