শেষ ম্যাচে হেরে গেল বাংলাদেশের কিশোররা

তিন দিনের ম্যাচের সিরিজটা জিতেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশের কিশোররা। তবে পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজের শেষটা ভালো হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের। হার দিয়ে সিরিজ শেষ করেছে স্বাগতিকরা। খুলনায় গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের কাছে ২৯ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

গতকাল শেখ আবু নাসের স্টেডিয়ামে হাসিবউল্লাহর সেঞ্চুরিতে আগে ব্যাট করে আট উইকেটে ২৭৯ রান তুলেছিল পাকিস্তান। ১৪৩ রানের ওপেনিং জুটিতে বড় রানের ভিত পেয়েছিল সফরকারীরা। ওপেনার সামির সাকিব ৬৪ রান করেন। আরেক ওপেনার হাসিবউল্লাহ ১২৯ রান (১১ চার, ৪ ছয়) করেন। পরে শেহজাদ ২৩, আলী আসফান্ড অপরাজিত ১২ ছাড়া আর কেউ দুঅঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের পক্ষে শামসুল ইসলাম ইপন ৪৫ রানে পাঁচটি, মাহফুজুর রহমান রাব্বি তিনটি করে উইকেট নেন। বড় টার্গেট তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৪৭.৫ ওভারে ২৫০ রানে অলআউট হয় স্বাগতিকরা। সাকিব শাহরিয়ার ৬০, মাহফুজুর রহমান রাব্বি ৪৬, রিহাদ খান ৪৩, খালিদ হাসান ২৬, আইচ মোল্লা ২৫, সোহাগ আলী ১৫, তাহজিবুল ইসলাম ১১ রান করেন। পাকিস্তানের আসীর মুঘল, ফরহাদ খান তিনটি করে উইকেট নেন। সেঞ্চুরিয়ান হাসিবউল্লাহ ম্যাচ সেরা হন। উল্লেখ্য, বাংলাদেশ সফর শেষে আজ দেশের বিমান ধরবে পাকিস্তানের কিশোররা।