ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেবে গেছে দু’পাশ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২১:৫৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত মাল বোঝাই গাড়ি চলাচলের কারণে চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার রাস্তার দু’পাশ ড্রেনে পরিণত হয়েছে। এতে প্রতিনিয়ত যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। এমন অবস্থা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন যাত্রীবাহী গাড়ির পাশাপাশি অতিরিক্ত মাল বোঝাই শত-শত ট্রাক, কভার্ডভ্যান ও লরি চলাচল করে। ফলে চৌদ্দগ্রামের দত্তসার থেকে নালবাগ পর্যন্ত প্রায় ৪৪ কিলোমিটার রাস্তার দু’পাশের বিভিন্ন স্থান উঁচু-নিচু হয়ে পড়েছে। যা দেখতে পানির ড্রেনের মত। সরেজমিন গিয়ে দেখা গেছে, মহাসড়কের বাবুর্চি রাস্তার মাথার দক্ষিণে, বিসিক শিল্পনগরীর সামনে, কালির বাজার, আমানগন্ডা, মিয়াবাজার, নানকরা, আমজাদের বাজার, চিওড়া, লাটিমী, দত্তসার, জগন্নাথদীঘির পাড়, ফাল্গুনকরাসহ আরও কয়েকটি স্থানে এবড়ো থেবড়ো ও ছোট-বড় অসংখ্য ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এসব স্থান দিয়ে অন্য গাড়িকে সাইড দিতে পাশে যাওয়ার সময়ই দুর্ঘটনার শিকার হয় যানবাহন। এ অবস্থার কারণে গত ১৬ আগষ্ট শুক্রবার মহাসড়কের ভিটা ওয়ার্ল্ডের সামনে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক নির্মাণ শ্রমিক নিহত ও অপর ৩০ জন আহত হয়েছে। এতে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে মোটর সাইকেল ও সিএনজি চালিত বেবীট্যাক্সি। ফলে অনেক প্রাণহানির ঘটনা ঘটছে। আবার অনেকেই সারাজীবনের পুঙ্গত্ব বরণ করছেন। এ ব্যাপারে চারলেন প্রকল্পের উপসহকারী প্রকৌশলী আবদুল মতিন জানান, ‘এটা নজরে রয়েছে, টেন্ডার প্রক্রিয়া চলছে’। চারলেনের কাজ শেষ হলেই পুরানো সড়কের উপরের অংশ সরিয়ে নতুন করে আবার নির্মাণ করা হবে বলে তিনি জানান।