গাইবান্ধায় কর্মকর্তা ও প্রধান শিক্ষকসহ ২৫ পদশূন্য

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সাতজন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ১৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলায় মোট ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে ১৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে ওইসব বিদ্যালয়ে প্রশাসনিক কাজসহ পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে মাঠ পর্যায়ে বিদ্যালয়গুলো তদারকি করার জন্য প্রয়োজনীয় সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নেই। গোটা উপজেলায় সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা রয়েছেন মাত্র ৫ জন। সপ্তাহে দুইদিন বিদ্যালয়গুলো পরিদর্শন করার কথা। কিন্তু জনবল সংকটের কারণে এক মাসেও একটি প্রতিষ্ঠান তদারকি করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে তদারকির অভাবে চরাঞ্চলে শিক্ষার পরিবেশ ভেঙ্গে পড়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার অধিকারী বলেন, আমি সুন্দরগঞ্জে সদ্য যোগদান করেছি। তারপরও বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, শূন্য পদে লোক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।